চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

মানবসেবার আদর্শ নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে
…………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ইলশেপাড় রিপোর্ট
ব্যাপক ও বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি ও ৪৬তম অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের পদাচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে জেলার রোটারিয়ানসহ বিভিন্ন জেলা থেকে আসা বন্ধুরা। এ যেন এক অভূতপূর্ব মিলনমেলার সেতুবন্ধনের মধ্যে দিয়ে ৫০ বছর পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখেন আয়োজকরা।
অনুষ্ঠানের মূল পর্বের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমরা সবাই মানবসেবার আদর্শ নিয়ে কাজ করলে যেমন সমাজের চিত্রই পাল্টে যাবে, তেমনিভাবে দেশও এগিয়ে যাবে। তিনি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব ও ৪৬তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী এ উৎসবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত ৫০ বছর ধরে চাঁদপুর রোটারী ক্লাব এ জেলার প্রত্যন্ত গ্রামগুলোতেও নানারকম সমাজসেবামূলক কাজ করে চলেছে। যা অন্যদেরও সেবামূলক কাজে অনুপ্রাণিত করে তুলবে। এছাড়া মানবতার সেবায় নিবেদিত হয়ে সারা বিশ্বের সব রোটারী ক্লাবগুলেই সামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে।
চাঁদপুর রোটারী ক্লাবের ২০২০-২১ রোটারী বর্ষের সভাপতি রোটা. নাসির উদ্দিন খানের সভাপ্রধানে ও চাঁদপুরে রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি কমিটির আহ্বায়ক কাজী শাহাদাতের সঞ্চালনায় শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে চাঁদপুরে রোটারীর ৫০ বছর পূর্তি, এক অনন্য দৃষ্টান্ত। রোটারীর সেবার মানসিকতার সাথে জাতির জনকের আদর্শের অনেক মিল রয়েছে। জাতির জনক নিজের জীবনকে তুচ্ছ করে দেশ ও জাতির জন্য আজীবন কাজ করে গেছেন।
তিনি বলেন, মানবতার সেবায় নিবেদিত রোটারী ক্লাবের যাত্রা শুরু হয় ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রে। সে বছর রোটারীর জনক পল পার্সি হ্যারিসের উদ্যোগে মাত্র ৪ জন সদস্য নিয়ে রোটারী আন্তর্জাতিকের পথচলা শুরু করে। আর চাঁদপুরে রোটারী ক্লাব যাত্রা শুরু করে ১৯৭০ সালের ২০ নভেম্বর থেকে। সেই থেকে আজও মানবতার সেবায় নিয়োজিত রয়েছে চাঁদপুরের রোটারিয়ানরা। রোটারী আন্দোলন আরো বেগবান হোক, এই কামনা করে তিনি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
তিনি আরো বলেন, সুপেয় পানি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন- এগুলো হচ্ছে রোটারীর অন্যতম সেবামূলক কাজ। এছাড়া রোটারীর উল্লেখযোগ্য কাজ হচ্ছে বিশ্বকে পোলিওমুক্ত, আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানীয় ব্যবস্থা, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বল্পখরচে চিকিৎসা সেবা প্রদান।
সন্ধ্যা সাড়ে ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অভিষেক কমিটির চেয়ারম্যানের কাছে মাইক প্রদানের মধ্য দিয়ে রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি প্রফেসর জাকির হোসেন। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের অভিষেক অনুষ্ঠান। অভিষেক অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান রোটা. পিপি তমাল কুমার ঘোষের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট গর্ভনর রোটা. প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, চট্টগ্রাম রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. শহীদুল্লাহ চৌধুরী, রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান চৌধুরী, ডেপুটি গভর্নর রোটা. পিপি মফিজ উদ্দিন সরকার, অ্যাসিস্ট্যান্ট গর্ভনর রোটা. অধ্যাপক গোলাম মোস্তফা, রোটারী ক্লাবের বিদায়ী সভাপতি রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেল, বিদায়ী সাধারণ সম্পাদক রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির জীবন বৃত্তান্ত তুলে ধরেন রোটা. পিপি মো. মিজানুর রহমান খান। আলোচনা অনুষ্ঠানে প্রবীণ রোটারিয়ানদের উত্তরীয় পড়িয়ে এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আন্তর্জাতিক মানের আলোকচিত্র সংগ্রাহক এবং আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোক্তা মুক্তিযোদ্ধা লেখক ও গবেষক সাহাবউদ্দিন মজুমদার এবং প্রবীণ বিশেষজ্ঞ ও গবেষক বহুল পঠিত ‘প্রবীণ কথা’ বইয়ের রচয়িতা হাসান আলীকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উৎসব অনুষ্ঠানে ক্যান্সার রোগে আক্রান্ত ৩ জন ও গৃহ নির্মাণের জন্যে অসহায় এক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
এছাড়া অনুষ্ঠানে শপথ পাঠ করানোর মাধ্যমে চাঁদপুরের ৫ বিশিষ্ট ব্যক্তিকে নতুন সদস্য হিসেবে ক্লাবে অন্তর্ভূক্ত করা হয়। তারা হলেন- চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী জীবন, তুষার খান ও হৃদয়।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টায় চাঁদপুর পৌর কবরস্থানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মরহুম রোটারিয়ান ডা. নূরুর রহমানের কবর জিয়ারত, সাড়ে ৭টায় চাঁদপুর স্টেডিয়াম থেকে র‌্যালি, সাড়ে ৮টায় ডাকাতিয়ায় নদী ভ্রমণ, বেলা ১১টায় রোটারী ভবনে চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৬তম অভিষেক অনুষ্ঠান, আড়াইটায় চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ৪৬তম অভিষেক অনুষ্ঠান এবং সন্ধ্যায় চাঁদপুরে রোটারী ক্লাবের ৫০ বছর পূর্তি ও ৪৬তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২২ নভেম্বর, ২০২০।