সিএনজি চালক ও লঞ্চ ঘাটে কুলিদের নির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক
………….স্নিগ্ধা সরকার
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশের আয়োজনে লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে চাঁদপুর নৌ-থানায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, ইজারা তোলার নির্দিষ্ট স্থান থাকতে হবে। এখানে অনেক দুষ্কৃতকারী রয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবো। রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা-সিএনজি ঘাটে প্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিএনজির চালকদের ও টার্মিনালের কুলিদের নির্দিষ্ট পোশাক থাকতে হবে। পোশাকবিহীন লেবাররা গ্যাংওয়েতে প্রবেশ করতে পারবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। অনৈতিক কার্যকলাপ রোধে নৌ-পুলিশ নিয়মিত আকারে লঞ্চে টহল দিবে। সভার সিদ্ধান্তগুলো যেন সভাতেই শেষ না হয়, সিদ্ধান্তগুলো দৃশ্যমান করতে হবে।
তিনি আরো বলেন, যাত্রী হয়রানি বন্ধে চাঁদপুর লঞ্চঘাটের রাস্তা ওয়ানওয়ে করা হবে। কোন চালক লঞ্চঘাটে চিৎকার-চেঁচামেচি করতে পারবে না। চালকরা তাদের নির্দিষ্ট স্থানে থাকবে। আর যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছে চালকদের কাছে যাবে। যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। আগামি ৭ দিন পর যে বিষয়গুলোর সিদ্ধান্ত হলো, তার উপর অভিযান পরিচালনা করা হবে।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, নৌ বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্ল্যাহ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি শাহ আলম মল্লিক, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী ওমর ফারুক, সদর থানা সিএনজি মালিক সমিতির সভাপতি জোবায়ের হোসেন, সিএনজি চালক সফিক গাজী, চালক আব্দুল আজিজ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সিএনজি চালিত অটোরিকশার চালকদের সভার সিদ্ধান্ত সম্পর্কে জানান এবং বিশৃংখলা যেন না করে সে ব্যাপারে হুঁশিয়ারী জানান।
১০ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী হয়রানি প্রতিরোধে মতবিনিময়
