চাঁদপুর শহরে অটোরিক্সার কারণে ভয়াবহ যানজট

শাহ আলম খান
চাঁদপুর শহরে গত কয়েকদিন যাবত তীব্র যানজট লক্ষ্য করা গেছে। এর মধ্যে অটোরিক্সার কারণেই মূলত যানজট বেশি সৃষ্টি হয়। অফিস সময়ে শহরে চলাচল এখন অনেকটা দুস্কর হয়ে পড়েছে। ১০ মিনিটে পায়ে হেঁটে যাওয়ার পথ অটোরিক্সার লাগছে ২০ মিনিটেরও বেশি। যার ফলে অর্থের চাইতে সময়ের অপচয় বেশি হচ্ছে। যানজট নিরসেন জেলার নীতি নির্ধারণ পর্যায়ে অনেক আলোচনা হলেও সমাধান পরিলক্ষিত হয়নি। এখনো কম যাত্রী নিয়ে সড়কে বহু অটোরিক্সা চলতে দেখা যায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) একজন সরকারি কর্মকর্তা এ প্রতিনিধির সাথে মন্তব্য করেন চাঁদপুর শহর খুবই সুন্দর। কিন্তু যানজটের কারণে খুবই বিরক্ত লাগে। তিনি বলেন, চাকরির সুবাদে আমাকে রাজশাহী মহানগরীতে অনেক চলাচল করতে হয়েছে। সেখানে অটোরিক্সাগুলো চলাচলের একটি নিয়ম করে দিয়েছেন মেয়র। যে পরিমাণ অটোরিক্সা রয়েছে। সেগুলোকে দু’টি কালার করে দেয়া হয়েছে। অর্ধেক অটোরিক্সার কালার হলুদ, বাকিগুলোর কালার সবুজ।
ওই কর্মকর্তা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এক কালারের অর্ধেক অটোরিক্সা চলবে। বাকিগুলো দুপুর থেকে রাত পর্যন্ত চলবে। এর ফলে তাদের যাত্রী ও উপার্জন বেশি হবে, যানজটও কম থাকবে। চাঁদপুরের নীতি নির্ধারক পর্যায়ের লোকজন এই বিষয়টি অনুসরণ করতে পারেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক, শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়ক, স্টেডিয়াম রোড, মিশন রোড, কালিবাড়ী ও পুরাণ বাজার এলাকায় ঘুরে দেখা গেছে অধিকাংশ অটোরিক্সায় ২ থেকে ৩ জন যাত্রী। যাত্রী কম হলেও অটোরিক্সার অভাব নেই। অতিরিক্ত অটোরিক্সার কারণেই এখন শহরের প্রধান সড়কগুলো যানজট সৃষ্টি হয়। এই বিষয়ে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষকে নতুন করে নিয়ম পদ্ধতি গ্রহণের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী পৌরবাসী।
১৯ আগস্ট, ২০২০।