স্টাফ রিপোর্টার
চাঁদপুরে টানা বৃষ্টি আর জোয়ারের কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েতে হচ্ছে চাঁদপুর শহরবাসী। গত শনিবার রাতভর বৃষ্টি হয়েছে। এছাড়া রোববারও (২৩ আগস্ট) থেমে-থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টি আর জোয়ারের পানিতে শহরের পালবাজার, কালিবাড়ি, মুক্তিযোদ্ধা সড়কের লেকেরপাড়, বিষ্ণুদী মাদরাসা রোড, নাজির পাড়া, প্রফেসর পাড়া, মমিনপাড়া, রহমতপুর আবাসিক এলাকা, চাঁদপুর সরকারি কলেজ রোড, পালপাড়া, ট্রাক রোড, বঙ্গবন্ধু সড়কসহ শহরের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে।
রোববার সকালে মেঘনায় জোয়ারের পানি কম থাকলেও শুক্রবার মেঘনার পানি বিপদসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গত দু’দিন ধরে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা অনেকটা ব্যহত হয়েছে। ব্যবসা-বাণিজ্য ও যানবাহন চলাচল আগের চাইতে কমছিলো।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে গতকাল রোববার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শহরবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা দেয়। মূলতঃ পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করা এবং অপরিকল্পিত খোঁড়া-খুঁড়ির কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে।
বিষ্ণুদী মাদরাসা রোডের বাসিন্দা ইসমাইল গাজী বলেন, বৃষ্টির পানি সড়কে জমে থাকার কারণে চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হয়। ড্রেনেজ নিষ্কাশন না করার কারণে ড্রেন থেকে ময়লা পানি বের হয়। এই পানি মাড়িয়ে আমাদের নিয়মিত চলাচল করতে হয়।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানান, মেঘনার পানি দু’একদিনের মধ্যে কমার সম্ভাবনা রয়েছে। সকালের জোয়ারের পানি কম থাকলেও রাতের জোয়ারে পানি বৃদ্ধি পায়। ঠিক তখনই নদী উপকূলীয় এলাকায় পানি প্রবেশ করে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, হানারচর, ইব্রাহীমপুর, চান্দ্রা, লক্ষ্মীপুর মডেল, তরপুরচন্ডী, বালিয়া, বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নের প্রায় ১৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের লোকজন। বাকি ইউনিয়নগুলোর কিছু কিছু এলাকায় জোয়ারের পানি প্রবেশ করে লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৪ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর শহরে বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক
