এস এম সোহেল
চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধসে পড়ে। আর এতে করে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। রোববার (২ জানুয়ারি) সকালে শহরের টিলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে আশপাশের মানুষ দিকদ্বিক ছুটাছুটি করতে দেখা যায়।
স্থানীয় আলমগীর, রফিক, জহির উল্ল্যাহসহ কয়েকজন জানান, সকালে হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় একশ’ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে এ এলাকার বাঁেধর প্রায় ২শ’ সিসি ব্লক মেঘনা নদীগর্ভে তলিয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় ফাটলও দেখা দিয়েছে।
হঠাৎ এ ধসের কারণে, ভাঙন আতঙ্কে লঞ্চঘাট এলাকার হাজারো পরিবার আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। হঠাৎ চাঁদপুরে এ ভাঙনে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দা ও শহরবাসী। তবে আরো এলাকা ভাঙতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। ফাটলস্থানের আশপাশে প্রায় হাজারো পরিবারের লোকজন বসবাস করে। সবাই আতঙ্কে রয়েছে।
খবর পেয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক শহর রক্ষা বাঁধের দেবে যাওয়া বাঁধের স্থানে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দও ভাঙনস্থল পরিদর্শন করেছেন।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আমরা সকাল থেকেই কাজ করছি। ভাঙন ও ফাটলের কারণে প্রায় ৮০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শীঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।
০৩ জানুয়ারি, ২০২২।
