চাঁদপুর সদরে তৃণমূল প্রতিনিধি সভা সমাপ্ত

আসন্ন ইউপি নির্বাচন

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা ও বর্ধিত সভা শেষ হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে সদরের ১০ ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা, সমর্থন ও প্রস্তাবকারীদের নাম ভোটার আইডি নেওয়া হয়। জেলা ও সদর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিটি ইউনিয়নে উপস্থিত হয়ে বর্ধিত সভা সমাপ্ত করেন। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থনে শ্লোগান দিয়ে প্রার্থীদের সমর্থন জাগান দেন। ক্ষমতাশীল দল বাংলাদেশে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে অর্ধ ডজনের বেশি প্রার্থী নিজেকে জানান দেন। এমনকি কোন কোন ইউনিয়নে ১ ডজন প্রার্থী নিজেদের নাম প্রস্তাব করেন।
দেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ দীর্ঘদিন দেশের চালকের আসনে থাকার কারণে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য সবাই মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। দলের টিকেট পাওয়ার আশায় তৃণমূলের নেতাকর্মীদের দ্বারে-দ্বারে গিয়ে নিজের সমর্থনে প্রচার করেন।
গত সোমবার সদরের চান্দ্র্রা, বালিয়া ও বাগাদী ইউনিয়নে তৃণমূল প্রতিনিধি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার মৈশাদী, আশিকাটি, হানারচর, রামপুর, বিষ্ণুপুর ও শাহমাহমুদপুরের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ ১০ ইউনিয়নে তৃণমূলের প্রতিনিধি সভায় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা সদর উপজেলা আওয়ামী লীগ নিয়ে নেন। চেয়ারম্যান প্রার্থীরা তাদের সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সবারই দ্বারস্থ হয়েছেন।
বর্ধিত সভায় সদরের আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানরাও পূনঃরায় টিকেট পাওয়ার জন্য দৌঁড়-ঝাপের শেষ নেই, নতুন প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার মরণ কামড় দিয়ে নেমেছেন। ১১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে চাঁদপুর সদরের ১০ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কাকে মনোনয়ন দেওয়া হয়- সেজন্য অপেক্ষা মাত্র কয়েকদিনের।
০৬ অক্টোবর, ২০২১।