চাঁদপুর সদরে ২ চেয়ারম্যান ও ১২ মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার
আগামি ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদর উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় ২টি ইউনিয়নে কোন চেয়ারম্যান এবং ৭টি ইউনিয়নে ৮টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১২ মেম্বার প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান দু’জন হলেন- রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আল মামুন পাটোয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ইমাম হাসান রাসেল গাজী। এছাড়াও ৭টি ইউনিয়নে ৮টি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত ১২ মেম্বার প্রার্থী হলো- বিষ্ণুপুর ইউনিয়ন সংরক্ষিত ২ নারী সদস্য (৪, ৫ ও ৬নং) রহিম, আশিকাটি ইউনিয়ন থেকে সংরক্ষিত ৩ নারী সদস্য (৭, ৮ ও ৯নং) ওয়ার্ডের আয়শা বেগম, মৈশাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মো. রাশেদ আহম্মদ ঢালী, তরপুরচন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরশ্বাদ মোল্লা, ২নং ওয়ার্ডের হাসনাত গাজী ও ৪নং ওয়ার্ডের আ. সোবহান গাজী, বাগাদী ইউনিয়নের সংরক্ষিত ১ নারী সদস্য (১, ২ ও ৩নং) পারুল আক্তার, বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদির গাজী, ৩নং ওয়ার্ডের সাইফুদ্দিন খান, ৫নং ওয়ার্ডের নেছার তালুকদার ও ৯নং ওয়ার্ডের কাদির গাজী এবং হানারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম আলী মিঝি।

২৮ অক্টোবর, ২০২১।