সজীব খান
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে এ পর্যন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৫ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে মনোনয়নপত্র বিতরণের সময় শুরু হয়।
সদর উপজেলার তথ্যমতে বৃহস্পতিবার পর্যন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। আগামি ২০ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সারাদেশে মহানগর ও উপজেলা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনি মাঠে সক্রিয় হয়ে উঠেছে।
এদিকে চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২টি প্যানেলে নির্বাচন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। সাবেক কমিটি ও বর্তমান কিছু নতুন মুখ দুইভাগে বিভক্ত হয়ে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বাচন ঘিরে চাঁদপুরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন নেতৃত্ব নাকি পুরোনোরাই আবার মুক্তিযোদ্ধা সংসদের হাল ধরবে তা আসন্ন নির্বাচনেই বুঝা যাবে।
বৃহস্পতিবার পর্যন্ত সদর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত কমান্ডার আবুল কালাম মো. সামছুল আলম (কালাম চিশতী) মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে তিনিও একটানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে তার সমর্থিত মুক্তিযোদ্ধারা জানিয়েছেন।
তফসিল ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে, ১৩ এপ্রিল প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল, ১৬ এপ্রিল আপিল নিষ্পত্তি, ১৭ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার, ১৮ এপ্রিল চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২০ মে শনিবার ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
০৭ এপ্রিল, ২০২৩।
