চাঁদপুর সদর ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

তৃণমূল কখনো দলের সাথে বেঈমানী করে না……..মো. মোস্তাক মিয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
তিনি বক্তব্যে বলেন, সাংগঠনিক জটিলতা নিরসনের জন্য তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে আমি এখানে এসেছি। চাঁদপুরের সম্মেলন নিয়ে আমাদের দফায়-দফায় সভা হয়েছে। সংগঠনে ভদ্রতা ও নৈতিকতা বজায় থাকতে হবে। তৃণমূল একটি সংগঠনের প্রাণ। তৃণমূলের মতামতের ভিত্তিতে সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ব দেওয়া হবে। সবাই বেঈমানী করলেও তৃণমূল কখনো দলের সাথে বেঈমানী করে না।
উদ্বোধকের বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সংগঠন সু-সংগঠিত হলে দলের গতি বাড়বে। আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। দলের সবাই হয়তো পদ পায় না। এতে মন খারাপের কিছু নেই। দলে শ্রম দিলে অবশ্যই দল আপনাকে মূলায়ন করবে।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিমুল্লাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বেপারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
এর আগে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় চাঁদপুর সদর থানা বিএনপির সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সদর থানা ও পৌর শাখা বিএনপির বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনের আগে সদর থানা ও পৌর শাখা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্মেলনে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে আক্তার হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদকে তৃণমূলের মতামতে মনোনীত করা হয়।

২৪ অক্টোবর, ২০২১।