
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে
স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় শহরের মহসিন রোডস্থ রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে সদস্যদের প্রীতি মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার চেয়ারম্যান এসএএম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ অ্যাড. ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. নঈমুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এডিশনাল রেজিস্ট্রার মো. সোলায়মান মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। কুরআন তেলাওয়াত করেন রবিউল্যাহ শরীফ। অনুষ্ঠানে মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন খান মো. নিয়াজ মোর্শেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. তাজুল ইসলাম, স্মরণীকা অঙ্গীকার-৫ এর সম্পাদক অ্যাড. আব্দুল কাদের খান। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আমিন আহমদ মস্তান, অ্যাড. এইচএম হেলাল, সবুজ খান, আবু বকর সিদ্দিকী, মোবায়ের হোসাইন জহির রায়হান সরকার। সংস্থার বিগত ২৫ বছরের পথ চলায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আব্দুস শুকুর মস্তান, মামুনুর রশীদ বেলাল, আলমগীর বন্দুকশী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. ইব্রাহীম খলিল বলেন, এ সংস্থার বিগত ২৫ বছরের কার্যক্রম জেনে আমরা অভিভূত। নীরবে নিভৃতে সেবার মানসিকতা নিয়ে এ সংস্থার সব সদস্যরা আন্তরিকভাবে কাজ করছে জেনে আমি খুবই আনন্দিত। প্রচার-প্রচারণা ছাড়াই মানবতার সেবা নিয়ে এ সংস্থা এগিয়ে যাচ্ছে। সমাজের বিত্তবান লোকদের এ কাজে সহযোগিতা ও উৎসাহ দেয়া প্রয়োজন।
বিশেষ অতিথি অ্যাড. নঈমুল ইসলাম বলেন, সংখ্যায় কম হলেও এসংস্থার সদস্যগন খুব সক্রিয়। সদস্যরা প্রত্যেকেই নেতৃত্বের যোগ্যতা নিয়ে স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করে যাচ্ছে। নিবেদিত প্রাণ এ সংস্থার সদস্যদের মাধ্যমে চাঁদপুর বাসীর কল্যাণ ও সমৃদ্ধি আশা করা যায়। বিশেষ অতিথি অধ্যাপক মো. সোলায়মান মিয়া বলেন, এ সংস্থার কার্যক্রম খুবই প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এ সংস্থা ঐতিহাসিক দায়িত্ব পালন করে আসছে।
সভাপতির বক্তব্যে এসএএম মিজানুর রহমান খান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা মানবতার সেবায় মহান দায়িত্ব পালন করে আসছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদানে ব্যবস্থা করে আসছে। দরিদ্র অসহায় নারীদের পুনর্বাসনে সেলাই মেশিন বিতরণ, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহায়তা প্রদান, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এ সংস্থা। চাঁদপুরবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে এ সংস্থা চাঁদপুরের উন্নয়নে আরো বলিষ্ঠ ভূমিকা পালনে সম্ভব হবে, ইনশাল্লাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান খান। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণীকা অঙ্গীকার-৫ এর মোড়ক উন্মোচন করা হয়।
