
মুজিববর্ষে সরকার সর্বস্তরের শিক্ষার মান উন্নয়ন করবে
………….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
শাহ আলম খান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি বিশ^াস করি মুজিববর্ষে আমরা অঙ্গীকার করবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন সর্বস্তরে শিক্ষার মানোন্নয়ন করা। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামগত অনেক উন্নয়ন হয়েছে। এখন আমাদের শিক্ষার্থীদেরকে বিশ^ মানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার মানুষ গড়ার স্বপ্ন দেখেছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ১০ বছরে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ভিত্তির উপর দাঁড়িয়ে শিক্ষার মান আরো উন্নয়ন করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা আগামির উন্নয়ন ও পথচলায় সবাইকে একত্রে চাই।
কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ ড. এ.এসএম দেলওয়ার হোসেন। পরে মন্ত্রী কলেজের বিএনসিসির সালাম গ্রহণ করেন এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
