মতলব উত্তরে করোনা সন্দেহে প্রবাসী হাসপাতালে ভর্তি


স্টাফ রিপোর্টার
মতলব উত্তরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আলাদা ভবনে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার সন্ধ্যায় দুদ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফিরেন। তিনি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাড়িভাড়া গ্রামের আমতু বেপারীর ছেলে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, দুদ মিয়া গ্রামের বাড়িতে আসলে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এসে তার বিভিন্ন ধরনের স্যাম্পল সংগ্রহ করবেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে, ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের পাশে আরেকটি ভবনে ৩টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।