স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. ওয়াহিদুজ্জামান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ছাত্র, সফল ছাত্রনেতা অ্যাডভোকেট জিল্লুর রহমার জুয়েল চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় চাঁদপুর সরকারি কলেজের সব শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা। সময় এসেছে চাঁদপুর শহরটাকে নবরূপে সাজানোর।
চাঁদপুর কলেজ ডিবেট সোসাইটি (সিসিডিএফ) এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারুণ্যের অগ্রদূতের সদস্যরাও নবনির্বাচিত পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল তাকে সংবর্ধনা দেয়ায় এবং ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় কলেজের সব শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ চাঁদপুরবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ঐতিহ্য, বাণিজ্য, নান্দনিক সৌন্দর্য ও পর্যটন নগরী হিসেবে চাঁদপুরকে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
২০ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর সরকারি কলেজে নবনির্বাচিত পৌর মেয়রকে সংবর্ধনা
