আজ চাঁদপুরের ৫ উপজেলায় উপ-নির্বাচন

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর জেলার ৫ উপজেলায় আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে ঐ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও আরো ৫টি ইউনিয়নে চেয়ারম্যান ও ৭ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এছাড়া কচুয়া উপজেলার সাচার ও গোহাট উত্তর ইউনিয়ন, মতলব উত্তর উপজেলা জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়ন, শাহারাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান এবং গোহাট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, মোহনপুরের ১নং ওয়ার্ড, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড, সুচিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, চিতোষী পশ্চিমের ৭নং ওয়ার্ড এবং হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সব নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ জানান।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ সোমবার সকাল ১০টায় জানান, নির্বাচনের সব প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করবে র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, পুলিশ প্রশাসন, ডিবি ও এনএসআই।
চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম পুলিশ লাইনে চাঁদপুর জেলার ৪ উপজেলার ৫টি ইউনিয়ন ও ৭টি ওয়ার্ড উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং দেন। কুমিল্লা নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দিয়ে উপ-নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধিমালা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে স্ট্রাইকিং ফোর্সের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন -ফাহমিদা হক মতলব দক্ষিণ, নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মতলব দক্ষিণ, হাইমচরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ও চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।
ইতোমধ্যেই সব ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের ভোটগ্রহণ পদ্ধতির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্র ৫৭টি এবং কক্ষ ৪শ’ টি। এ উপ-নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগ সংক্রান্ত চিঠিও ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, মতলব দক্ষিণ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৮৮০ জন এবং নারী ভোটার ৮৫ হাজার ৩০১ জন। ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আজ চাঁদপুর জেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের ৭ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলোর নাম ও ভোটার হলো : কচুয়ার সাচারের ভোটার সংখ্যা ১৯ হাজার ৮শ’ ১৯ জন, গোহাট উত্তরের ভোটার সংখ্যা ২০ হাজার ৬শ’ ৯৭ জন, মতলব উত্তরের জহিরাবাদের ভোটার সংখ্যা ১০ হাজার ৭শ’ ২৯ জন, সুলতানাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ৪শ’ ৪৬ জন, শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নের ভোটার সংখ্যা ৭ হাজার ৪শ’ ৪২ জন। গোহাট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, মোহনপুরের ১নং ওয়ার্ড, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড, সুচিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, চিতোষী পশ্চিমের ৭ নং ওয়ার্ড এবং হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্ব-স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এক্ষেত্রে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
মৃত্যুজনিত কারণে ঐসব পদগুলো শূন্য হওয়ায় নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের আয়োজন করা হচ্ছে।
২০ অক্টোবর, ২০২০।