
প্রেস বিজ্ঞপ্তি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকদের নিয়ে প্রফেসর মো. মাসুদুর রহমান রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় সব শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা প্রভাত ফেরিতে অংশগ্রহণ শেষে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরা ভাষা শহীদদের প্রতি শদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি ও ভাষার গান পরিবেশন করেন।
শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আলআমিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খয়ের খান।
তাঁরা বলেন, মহান ২১ আমাদের প্রেরণার উৎস। ‘৫২ এর ফেব্রুয়ারি ২১ এর ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য বর্তমান প্রজন্মকে বুকে ধারণ ও লালন করতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।
