চাঁদপুর স্থাপন হচ্ছে করোনা টেস্টের ল্যাব!

স্টাফ রিপোর্টার
অবশেষে চাঁদপুর শহরে করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টের ল্যাব স্থাপন হচ্ছে। এমন আশার কথা শোনালেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম। ফরিদগঞ্জের কৃতী সন্তান ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীর নির্দেশনায় চাঁদপুরে ল্যাব স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ ও ডা. মাহমুদুন্নবী মাসুম জানান, ভূমি সচিব মাকসুদুর রহমান পাটওয়ারীর নির্দেশনায় আমরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কমপ্লেক্সের ভেতরে বিএমএ ভবনের পেছনে পরিত্যক্ত যে জায়গাটি রয়েছে সে জায়গাটি গত ৩ জুন সরজমিনে পরিদর্শন করেছি। জায়গাটি জেলা প্রশাসনের। এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সাথেও কথা হবে। জায়গাটি ল্যাব স্থাপনের মতো উপযুক্ত জায়গা বলে তারা দু’জনই জানিয়েছেন।
ভূমিটি পরিদর্শনকালে আরো ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. একেএম মাহাবুবুর রহমান, জেলা বিএমএ’র সভাপতি ডা. মো. নূরুল হুদা ও হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, চাঁদপুরে ল্যাব স্থাপনের জন্য একটি জায়গা খোঁজা হচ্ছে, এতটুকু আমি জানি। সে জায়গাটি কোনটি সুনির্দিষ্টভাবে এখনো আমার জানা নেই। তবে যেটির কথা বলা হয়েছে সেটি যদি জেলা প্রশাসনের হয়ে থাকে এবং ল্যাব স্থাপনের উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই এটি দেয়া হবে।

০৫ জুন, ২০২০।