চাঁদপুর-৩ আসনের সাবেক এমপির ছেলে মমিনুল হক খানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ হারুনুর রশীদ খানের বড় ছেলে মমিনুল হক খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয়। জানাযায় ইমামতি করেন খেরুদিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাও. মো. হোসাইন আহমেদ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, জাতীয় পার্টি নেতা কামাল আহমেদ, প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, পরিবারের পক্ষে বক্তব্য বক্তব্য রাখেন আব্দুল আজিজ খান, মো. শাহাজান হোসেন খান আজাদ ও মরহুমের ছেলে মিরাজ খান সাফিন।
জানাজায় চাঁদপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় পার্টি, মতলব উপজেলা জাতীয় পার্টি, বিএনপিসহ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় কল্যাণপুর, আশিকাটি, বিষ্ণুপুর, রাজরাজেশ্বরের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ, অর্ধশত মাদ্রাসার অধ্যক্ষ, ইমাম, খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, ডাসাদী কামেল মাদ্রাসার শিক্ষক, সফরমালী হাই স্কুলের শিক্ষক ও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত সোমবার ঢাকার ইন্দিরা রোডের নিজ বাসভবনে সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও ২ ছেলেসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মমিনুল হক খান চাঁদপুর সদরের উত্তরে সফরমালী হাই স্কুলের একজন আজীবন দাতা ও শিক্ষানুরাগী সদস্য। তিনি সাবেক এমপি, স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম হারুন অর রশিদ খানের বড় ছেলে। ২০০৩ সালের ৫ নভেম্বর তার মৃত্যুর পর থেকেই তিনি এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।
১৯৬৪ সালের ঢাকার ইন্দিরা রোডস্থ তেজগাঁও জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তার পিতার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি ঢাকা ও তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের খেরুদিয়াসহ অর্ধশতে ও বেশি মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

০৯ ফেব্রুয়ারি, ২০২২।