চাঁসকের জনপ্রিয় শিক্ষক ওয়াহিদুজ্জামানের বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি
ইলিশের বাড়ি বলে খ্যাত চাঁদপুরের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজের অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামন। ১৯৯৬ সালের আগস্টে চাঁদপুর সরকারি কলেজে যোগদানের পর থেকে কলেজটিকে তাঁর মেধা, প্রজ্ঞা ও শ্রম দিয়ে চাঁদপুরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে স্থান করে নিয়েছেন তিনি। মাঝখানে ২০০৬ থেকে ২০০৮ সালে এমফিল ডিগ্রি অর্জনের জন্য শিক্ষা প্রেষণে ছিলেন। বাকি তেইশ বছর তিনি এই কলেজটিকে সেবা দিয়ে গেছেন। বিভিন্ন মেয়াদে ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক। বর্তমানেও তিনি নর্বনির্বাচিত শিক্ষক পরিষদ সম্পাদক।
গত ১৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাঁকে চাঁদপুর সরকারি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় উপপরিচালক (কলেজ-১) পদে পদায়ন করা হয়। ঐ পদে যোগদানের উদ্দেশে বুধবার (২৮ জুলাই) বেলা ১২টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে মো. ওয়াহিদুজ্জামানের বিমুক্তি ও বিদায় সংবর্ধনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। স্বল্প পরিসরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর অসিত বরণ দাশ তাঁর বক্তব্যে মো. ওয়াহিদুজ্জামানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, মো. ওয়াহিদুজ্জামান অত্যন্ত ধৈর্যশীল একজন শিক্ষক। তিনি সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর সরকারি কলেজ তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে। ওয়াহিদুজ্জামানের মত একজন ডাইনামিক লোককে উপযুক্ত স্থানে পদায়ন করায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মো. ওয়াহিদুজ্জামান বলেন, দীর্ঘদিন এক প্রতিষ্ঠানে চাকরি করায় প্রতিষ্ঠানের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠে। আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য চাঁদপুর সরকারি কলেজের সব সহকর্মী শিক্ষকবৃন্দসহ চাঁদপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি।
স্বল্প পরিসরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার উপস্থিত ছিলেন।
০১ আগস্ট, ২০২১।