স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পূনর্মিলনী উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকের উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ।
তিনি তার বক্তব্যে বলেন, সবার সহযোগিতায় ব্যাপক রেজিস্ট্রেশন হয়েছে। চলমান শিক্ষার্থী ২৫০০ ও প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী এবং অতিথি মিলে ৭০০০ এর আয়োজন করা হয়েছে। সাবেক ও বর্তমান মিলে সংখ্যা বেশি হওয়ায় স্থান চাঁদপুর স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। তবে গিফট ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কলেজ থেকে নেয়া লাগবে। ব্যক্তিগতভাবে কেউ রেজিস্ট্রেশন না করলে এটা তার বিষয়। সাবেক শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
উদযাপন পরিষদের সদস্য সচিব ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল তার বক্তব্যে বলেন, প্রাক্তন শিক্ষার্থী পরিবারসহ ৩৫০০ প্লাস ও বর্তমান শিক্ষার্থী ২৫৬০ সহ মোট ৬২০০ জন রেজিস্ট্রেশন করেছে। আমরা অতিথিসহ ৭ হাজার জনকে মাথায় রেখে অনুষ্ঠান সাজানো হয়েছে। এত শিক্ষার্থীর ধারণ ক্ষমতার কথা চিন্তা করে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠান করছি। তবে কিছু কিছু অনুষ্ঠান কলেজে রয়েছে। এর মধ্যে উপহার, কুপন, খাবারসহ কিছু কিছু সামগ্রী কলেজ থেকে সংগ্রহ করতে হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কারণে আমরা এত বড় একটি বাজেটের অনুষ্ঠান করতে পারছি।
তিনি আরো বলেন, অনুষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে কাউকে কার্ড ছাড়া প্রবেশ করতে দেয়া হবে না। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় গ্যালারি উন্মুক্ত থাকবে। সকল রাজনৈতিক দলের সভাপতি সম্পাদককে দাওয়াত করা হয়েছে। এছাড়া সাবেক জিএস, এজিএসসহ প্রাক্তন শিক্ষকদেরও দাওয়াত করা হয়েছে। একটি সুন্দর ও সফল অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, অনুষ্ঠানের আগে যেমন অনুষ্ঠানের নানা বিষয় নিয়ে আপনাদের সাথে সাংবাদিক সম্মেলন করেছি, ঠিক তেমনি অনুষ্ঠান শেষে আবার আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হবে।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন মিলন, সদস্য সচিব রিয়াদ ফেরদৌস, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রশন উপ-কমিটির আহ্বায়ক ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকিরসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩।
