মতলব উত্তর ব্যুরো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ভূঁইয়া পেট্রোল পাম্প সংলগ্ন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সেনা সদস্য মো. মেহেদী হাসান তুষার এবং মারাত্মক আহত হন তুষারের বোন জামাই রিয়াজ উদ্দিন। গত ২১ শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে মতলব উত্তর উপজেলার মিলারচর নিজ বাড়িতে আসার সময় দুর্ঘটনাস্থলে একই পাশ থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন মোটর সাইকেলে ২৫ বছর বয়সী তুষার ও তার বোন জামাই রিয়াজ উদ্দিন ছিলেন।
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নাধীন মিলারচর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা শামসুল হকের একমাত্র ছেলে মেহেদী হাসার তুষারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সদ্য বিবাহিত সেনা সদস্য তুষার এর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মতলবের মিলারচরে আনা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বাদ আছর কলাকান্দা ইউনিয়নের মিলারচর নীলনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তুষারের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩।
