স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের পশ্চিম মদনা গ্রামে কুয়েত প্রবাসী মো. মাহবুব জমদ্দারের ঘরে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারীতে থাকা নগদ দেড় লাখ টাকা, ৩ ভরি স্বর্ণাংকার, ৪টি লাইট, ১টি দামি মোবাইল, ৬টি কম্বল, ১টি সৌর বিদ্যুৎ ও ব্যাটারীসহ সব কাপড়-চোপড় নিয়ে গেছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রবাসী মাহবুবের স্ত্রী রেশমা বেগম জানান, আমার স্বামী প্রবাসে থাকে। সে প্রতিদিনই আমাদের খোঁজ-খবর রাখেন। আমি আমার ৩ সন্তানকে নিয়ে বাড়িতে থাকি। মাস শেষে টাকা পাঠাইলে সংসারের খরচ, ৩ মেয়ের পড়ালেখার খরচ চালাতে হয়। সংসার চালাতে আমাদের খুব হিমশিম খেতে হয়।
গত বৃহস্পতিবার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শনিবার আমার ভাসুরের মেয়ে ফোন করে জানায়, আমার ঘরে চুরি হয়েছে। তাৎক্ষনিক বাড়িতে এসে দেখি ঘরের আসবাবপত্র এলোমেলো। চোরের দল আমার ঘরের সব মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাড়ির কাজ করার জন্য কয়েক দিন আগে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে ঘরে রাখি। সে টাকাসহ আরো মালামাল নিয়ে যায়।
রেশমা বেগম আরো জানান, আমাদের বাড়ির সামনে একটি ব্রিজ আছে। সেখানে সন্ধ্যার পর অনেক নেশাগ্রস্ত ছেলেরা আড্ডা দিয়ে থাকে। তবে কারা এ কাজ করছে কিছুই বুঝতে পারছি না।
এদিকে খবর পেয়ে মডেল থানার ওসি নাসিম উদ্দিনের নির্দেশে এএসআই মিজান এবং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীসহ স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে দুর্ধর্ষ চুরির স্থানটি পরিদর্শন করেন। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
১৮ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চান্দ্রায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি
