ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস পালন

নবী নোমান
বিনম্র শ্রদ্ধা ও ভাব গাম্বীর্যতার মধ্যে দিয়ে বাঙালির স্বাধীনতার অগ্রনায়ক ও স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদগঞ্জ উপজেলায় সর্বত্র পালন করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) এ উপলক্ষে সারাদেশের মতো সূর্যোদয়ের সাথে সাথে স্ব-স্ব প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো আলোচনা ও স্মরণ সভার আয়োজন করে।
প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান নব স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি সরকারি কর্মকর্তাদের নিয়ে উপজেলা পরিষদের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান।
এরপর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্লাহ তপদারকে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান সাংবাদিকদের নিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ সেক্টর কমান্ডার্স ফোরাম, উপজেলা আওয়ামী মহিলালীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, বিআরডিবি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, ফরিদগঞ্জ এআর সরকারি উচ্চ বিদ্যালয়, প্রতিবন্ধী সেবা সংস্থা, নারী উন্নয়ন ফোরামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর ম্যূরালে ফুল দেন।
শ্রদ্ধাঞ্জলির পর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচান সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদুল্লাহ তপদার, সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারী অধ্যক্ষ এম তবিবুল্লাহ ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকালে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ফুল দেয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার প্রমুখ।
অপরদিকে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পৌর মেয়র মাহফুজুল হক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে গভীর সম্মান জানান। পরে পৌর কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করেন মেয়র মাহফুজুল হক।
দিনটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি, তাদের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন। বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে আলোচানয় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, আরডিও মশিউর রহমান ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।
এছাড়া দিনটি উপলক্ষে বাদ জোহর স্বাধীনতার অগ্রনায়ক ও স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরনকৃত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। একই সাথে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
১৮ আগস্ট, ২০২০।