দেশের বীর সেনানীদের অবদান আঁকড়ে ধরে স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে হবে
…..ভূমি সচিব মাসুদুর রহমান পাটওয়ারী
নবী নোমান
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুর রহমান পাটওয়াারী বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ডাকে সাড়া দিয়ে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ফরিদগঞ্জের কৃতীসন্তান সেক্টর কমান্ডার লেফটেনেন্ট কর্নেল (অব.) চৌধুরীর সংগ্রামে অবিস্মরণীয অবদান রাখেন। তিনিই সামরিক বাহিনীর প্রথম ব্যক্তি যিনি ২৫ মার্চের কালরাত্রিতে নিজের অধীনস্থ সেনা সদস্যদের নিয়ে পাকবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবার ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকারকে সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রথম স্যালুট দিয়ে ছিলেন। দেশের জন্য নিজে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। এছাডা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়েও তাঁর অবদান অনস্বীকার্য। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের গুণী মানুষটির কথা তুলে ধরতে হবে। তার স্মৃতি ধরে রাখতে হবে। তাই আমাদের প্রজন্মকে দেশের এই বীর সেনানীদের অবদান আঁকড়ে ধরে স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জের কৃতী সন্তান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার সদ্যপ্রয়াত লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর জন্মস্থান চান্দ্রায় তাঁর স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় বাচ্চু মিয়া স্বর্ণকারের সভাপতিত্বে ও মাহবুবুল আলম সোহাগের পরিচালনায় এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাবিবুর রহমান, উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মো. মুকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্যা তপদার, ফরিদগঞ্জ এআর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সেক্টর কমাণ্ডার্স ফোরাম উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্যাহ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটওয়ারী।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
