ছেংগারচরে নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় ……..এসি মিজান

মনিরুল ইসলাম মনির
নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় বলে মন্তব্য করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান)।
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নৌকাকে বিজয়ী করতেই হবে, উন্নয়ন চাইলে এর বিকল্প নেই। আগামি ১৭ জুলাই নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকারকে বিজয়ী করতে হবে। আর এ বিজয় মানেই ২০২৪ সালের নির্বাচনে বিজয়ের শুভ সূচনা।
মো. মিজানুর রহমান বলেন, ছেংগারচরে নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসব। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামি ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

১০ জুলাই, ২০২৩।