
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নে দক্ষিণ রঘুনাথপুর জনকল্যাণ বাজার সমিতির সভাপতি আব্দুর রব শেখের বিরুদ্ধে সমিতির অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। গতকাল শনিবার বিকেল ৪টায় জনকল্যাণ বাজারে মানববন্ধন কর্মসূচিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক নারী-পুরুষ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেয়। অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুর রব শেখসহ ৪ জনকে আসামি করে চাঁদপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসময় ভুক্তভোগীরা জানান, ২০১৫ সালে ১শ’ ৮ জন সদস্য নিয়ে জনকল্যাণ বাজার সমিতি গঠন করা হয় এবং আব্দুর রব শেখকে সমিতির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে সমিতির নামে ভূমি খরিদ ও দোকান উত্তোলন করার লক্ষ্যে সদস্যদের দোকান বরাদ্দক্রমে ভূমি ও দোকান বুঝিয়ে দেয়ার নামে সমিতির সদস্য আব্দুল কাদের শেখের কাছ থেকে ১০ লাখ, মাও. মনছুর আহমেদ ঢালীর কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার, নজরুল ইসলাম মাঝির কাছ থেকে ১ লাখ ১০ হাজার, রিপন মাঝির কাছ থেকে ৫ লাখ ২০ হাজার, নজু মাঝির কাছ থেকে ১ লাখ ২০ হাজার, সুরুজ মাঝির কাছ থেকে ১ লাখ, শুক্কুর ঢালীর কাছ থেকে ২ লাখসহ অন্যান্য সদস্যদের কাছ থেকে সর্বমোট ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়। এক বছরের মধ্যে এই টাকায় সেখানে ভূমি খরিদ এবং দোকান উত্তোলন করে সদস্যদের মাঝে দোকান ও ভূমি বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। কিন্তু ১ বছরের মধ্যে তিনি কোন কিছু না করে পুরো টাকা আত্মসাত করে গাঢাকা দেন। মাঝে-মাঝে রাতের আঁধারে লুকিয়ে বাড়িতে আসা-যাওয়া করেন তিনি।
ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে তাকে ধরতে ওঁৎ পেতে থাকে। একদিন তিনি বাড়িতে আসলে তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কালক্ষেপণ করেন। পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুন স্থানীয়ভাবে একটি সালিসে আব্দুর রব শেখ সমিতির ৫০ লাখ টাকা নিয়েছেন বলে স্বীকার করেন এবং আরো ৬ মাসের সময় চান। ৬ মাসের মধ্যে ভূমি ও দোকান বুঝিয়ে না দিতে পারলে গ্রাহকদের কাছ থেকে নেয়া ৫০ লাখ টাকা ফেরৎ দেবার প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু ৬ মাস পার হলেও ভূমি, দোকান কিংবা গ্রাহকের টাকা কোনটাই ফেরৎ দিতে পারেনি তিনি।
ভুক্তভোগীরা আরো জানান, প্রতারক আব্দুর রব শেখ গত ৭ জানুয়ারি গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়া এবং জনকল্যাণ বাজার সমিতির নামে ভূমি ক্রয় ও দোকান বরাদ্দের বিষয়টি অস্বীকার করেন। এর প্রেক্ষিতে সমিতির সদস্য আনোয়ার হোসেন গত ২৫ মার্চ চাঁদপুর আমলী আদালতে আব্দুর রব শেখ, হেদায়েত উল¬াহ শেখ, ফারুক শেখ ও ছায়েদ শেখকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী এবং স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, আব্দুর রব শেখ গ্রাহকের টাকা দিয়ে নিজের নামে জনকল্যাণ বাজারে ৫৯ শতাংশ সম্পত্তি ক্রয় করে সেখান থেকে ২৬ শতাংশ সম্পত্তি বিক্রি করে ফেলে। বর্তমানে সেখানে ৩৩ শতাংশ ভূমির উপর বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও একটি দ্বিতল ভাবন রয়েছে। এসব সম্পত্তি নিজের নামে আত্মসাত করার পাঁয়তারা করছে। ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ফেরৎ ও আব্দুর রব শেখের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।
