স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সেমিনারে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. নুরে আলম দীন।
তিনি তার বক্তব্যে বলেন, আজ ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৯শ’ ৩৬ জন শিক্ষার্থীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকা দেয়া হবে। যারা স্কুলে যায় না তাদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে দেওয়া হবে। ১ ডোজ টিকা কিশোরী অবস্থায় নিলে তা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকরী। এই টিকা ভবিষ্যতে বৈবাহিক জীবনে পদার্পণ করার আগেই শরীরে এইচপিভি ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। আপনারা সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। বৃহস্পতিবার সকালে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।
তিনি আরো বলেন, প্রতিবছর বাংলাদেশে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৫ হাজার নারী। দেশে নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যানসার এটি। এইচপিভি জীবাণু শরীরে প্রবেশের পর এর লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১০ বছর। আক্রান্ত রোগীদের প্রায় সবাই শনাক্ত হন একদম শেষ সময়ে গিয়ে। তখন আর সেরে ওঠার উপায় থাকে না। কিন্তু, কিশোরী বয়সে মাত্র একটি টিকা নিয়ে সারা জীবনের জন্য এই ক্যানসার থেকে সুরক্ষিত থাকা সম্ভব।
সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডেকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন।
সেমিনারে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রিয়াদ ফেরদৌস, সাংবাদিক ফরিদুল ইসলাম উকিল।
সেমিনারে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মীর্জা জাকির, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহমি রনিসহ আরো অনেকে।
উল্লেখ্য, আজ ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর জেলার প্রাথমিক, মাধ্যমিক ও ধর্মীয় ২৫১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ২৪২৪টি কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকাটি ১০ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৫১ হাজার ৯শ’ ৩৬ কিশোরীদের দেয়া হবে। এরমধ্যে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি বা সমমানের ১ লাখ ৫০ হাজার ৪২ কিশোরী ও ১০ থেকে ১৪ বছর বয়সী ১৮৯৪ কিশোরীকে টিকা দেওয়া হবে। টিকাদান কর্মসূচিতে প্রথম সারির তদারককারী থাকবেন ৩০৩ জন, টিকা প্রদানকারী থাকবেন ৬০৬জন এবং স্বেচ্ছাসেবী থাকবেন ২৪১৮জন।
২৪ অক্টোবর, ২০২৪।
