
শরীয়তপুর ব্যুরো :
সাফল্যের ২৪ বছর উপলক্ষে শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দুপুরে জেলা প্রশাসক আলহাজ মো. মাহমুদুল হোসাইন খানের সাথে তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে নিসচা’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাড. মুরাদ হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্মারক বই তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মনসুর আজাদ (ভিপি শামীম), জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, আরজেএফ’র কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব মো. আল-আমিন শাওন, নিসচা’র জেলা শাখার অর্থ সম্পাদক মিলন খান, সদস্য শাহীন প্রমুখ।
সভায় নিসচা’র সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান জনস্বার্থে জেলার বিভিন্ন সমস্যার তথা তুলে ধরেন। পরে জেলা প্রশাসক আলহাজ মো. মাহমুদুল হোসাইন খান ঐ বিষয়গুলোর দ্রুত সমাধানের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
