যুবকরাই পারে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে
……..জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
সজীব খান
মুজিববর্ষের আহ্বান
, যুব কর্মসংস্থান, এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, স্মরণিকা মোড়ক উন্মোচন, যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় আশিকাটির যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে যুব-উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, চাকরি করবো না, চাকরি দেব, এ লক্ষ্যকে সামনে নিয়ে যদি যুবকরা এগিয়ে যায়, তাহলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। যুবকরা সঠিকভাবে সময়কে কাজে লাগানোর কারণে ভারত থেকে আমাদের মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। আর তা সম্ভব হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীর কারণে। তিনি যেভাবে দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন তা বিশ্বের সবার কাছে প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, যুবকরাই পারে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিকে, তাই সবাই যুবকদের নিয়েই স্বপ্ন দেখে, যুবকদের প্রতি তাকিয়ে থাকে। বর্তমান সরকার যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যাপক প্রদক্ষেপ হাতে নিয়েছে। এ সরকারের আমলে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি আরো বলেন, যে ব্যাক্তি যুব বয়সে সঠিক সিদ্ধান্ত থেকে পিছিয়ে পড়ে, বৃদ্ধ বয়সে সে তার ভুলগুলো বুঝতে পারে। যুবকদের নিয়েই আমাদের স্বপ্ন দেখতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হবে। এজন্য যুবকদের সঠিকভাবে যুব বয়সকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, বেকার যুবকদের বেকারত্ব দূর করার জন্য যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে পারলে দ্রুত বেকারত্ব দূর হবে। এজন্য বেকার যুবকদের যুব প্রশিক্ষণ নেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। দেশে শিল্প-কারখানা গড়তে তুলতে হবে। দেশে শিল্প-কারখানায় বিনিয়োগ বাড়াতে হবে। যুব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, প্রতিটি কাজ যদি প্রশিক্ষণ নিয়ে করা যায়, তাহলে সফলতা অনিবার্য।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, যুব উন্নয়নের কো-অর্ডিনেটর রেজাউল হক, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক একএম দিদারুল আলম, আত্মকর্মী শেখ মহসিন, মাতৃছায়া মহিলা সংস্থার উপদেষ্টা আব্দুল মতিন তপাদার ভুট্টু, সোনালী সুদিনের চেয়ারম্যান এইচএম হানিফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী আবু তাহের খান। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও সফল আত্মকর্মীরা উপস্থিত ছিলেন।
০২ নভেম্বর, ২০২০।
