জেলা আ’লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন


মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ (২০১৬-২০১৯) নির্বাচিত হলেন হাজীগঞ্জ পৌর আ.লীগের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুন। গত ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের যৌথ স্বাক্ষরিত প্যাডে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রোটা. আহসান হাবিব অরুন সাপ্তাহিক নতুনেরডাকের প্রকাশক। তিনি হাজীগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, উপজেলা প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি, সুহিলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, মেত্রী শিশু উদ্যান এন্ড জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
রোটা. আহসান হাবিব অরুন একজন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি জেলায় দু’বারের শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছিলেন। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দায়িত্ব পালন করে আসছেন।
রোটা. আহসান হাবিব আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে ধন্যবাদ জানিয়ে তার দায়িত্ব যথাযথ পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২১ ও ৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আজীবন কাজ করে যাবো।
উল্লেখ্য, রোটা. আহসান হাবিব অরুন দ্বিতীয়বারের মতো গত ১১ ডিসেম্বর সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।