
চাঁদপুর শহরের পালবাজার এলাকায়
এস এম সোহেল
চাঁদপুর শহরের পালবাজার এলাকায় ট্রাক চাপায় কর্মরত শ্রমিক হারুন (৫০) গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা বহুসংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে। ঘটনার পর থেকে এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক ও বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে স্ট্যান্ড রোডের মেসার্স রহিম ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় শ্রমিক শান্ত জানান, পালবাজার আনোয়ার ট্রেডার্সের কাঁচামাল ট্রাক থেকে আনলোড করার সময় শ্রমিক হারুনকে পিছন থেকে রহিম ব্রাদার্সের রড নিয়ে আসা আরেকটি ট্রাক পার্কিং করতে গিয়ে চাপায় দেয়। এতে ওই শ্রমিকের মাথা ও হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, আহত শ্রমিকের মাথা ও হাতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও যানবাহন চালকরা জানান, আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রিজের নীচে অপেক্ষমান সিএনজি চালিত অটোরিকশা, অটোবাইক, ভ্যান, শ্রমিককে চাপা দেওয়া সেই ট্রাকটিসহ প্রায় ২০টি যানবহন ব্যাপক ভাংচুর করে। একই সময় তারা ফুটপাতে থাকা হকাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে।
পালবাজার লেবার সমিতির সভাপতি সফিক মোল্লা বলেন, আহত শ্রমিকের সকল চিকিৎসাসহ সকল ক্ষতিপুরন দিতে হবে। স্ট্র্যান্ড রোডে বড় ধরনের ট্রাক রেখে মালামাল উঠা-নামা করানো যাবে না। যদি এ ধরনের ঘটনায় অব্যাহত থাকে তাহলে শ্রমিকদের পক্ষ থেকে বড় ধরনের আন্দোলন করা হবে।
চাঁদপর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। শ্রমিকদের শান্ত থাকার জন্য বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবো। বর্তমান ঘটনাস্থল এলাকা শান্ত রয়েছে।
