মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের ইন্তেকাল

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান



মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুরস্থ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সড়কপথে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে দুপুর ২টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মরহুম এএইচএম গিয়াস উদ্দিন কয়েকদিন যাবত অসুস্থ বোধ করছিলেন। তাঁর এই অসুস্থতার মধ্যদিয়ে তিনি মতলববাসীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বরাদ্দে জন্য ঢাকায় যাতায়াত করে আসছিলেন। গতকাল সকালে তিনি তাঁর চাঁদপুরস্থ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পথে মতলব দক্ষিণ উপজেলায় এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেলসহ বেশ কয়েকজন মেডিকেল অফিসার তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে ঢাকা নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুর সংবাদ মতলবে আসার সাথে সাথে মতলববাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম জানাযা আজ শুক্রবার বাদ জুমা ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠে এবং পরে তার নিজ বাড়ি মতলব পৌরসভার বাইশপুর গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।