ডা. দীপু মনি-ড. সেলিম মাহমুদসহ ৬২৪ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে জখম, হুমকি ও বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তাঁর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন সদর উপজেলার ঢালীরঘাট (উত্তর বালিয়া) এলাকার মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। মামলার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে দুষ্কৃতকারীরা বেআইনি সমাবেশ করে। পরে তারা হত্যার উদ্দেশে সাধারণ মানুষকে গুরুতর রক্তাক্ত জখম, হুমকি দেয় ও বিস্ফোরণ ঘটায়।
ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তাঁর বড় ভাই ডা. জে. আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির, কাউন্সিলর কবির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন নবীরসহ ২২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বলেন, আজ রাতেই মামলার সব কাজ সম্পন্ন এবং পরবর্তী ব্যবস্থাগ্রহণ শুরু হবে।
এর আগে ১৮ জুলাই চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন ‘মনিরা ভবনে’ হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার মামলা হয়। মামলায় দীপু মনি ও তাঁর বড় ভাইসহ ৫১০ জন নামীয় এবং অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১২০০ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।
গত ১৫ আগস্ট মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

২২ আগস্ট, ২০২৪।