ভালো রেজাল্টের পাশাপাশি দক্ষ হয়ে এগিয়ে যেতে হবে
……….জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জানা দরকার যে আমাদের বাংলাদেশ ডিজিটাল প্লাটফর্মে কতদূর এগিয়ে গেছে। করোনাকালীন সময়ে আমরা স্থবির বা থেমে যাইনি। এটি কেবলমাত্র ডিজিটাল বিপ্লবের কারণে হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমাদের এখন সংখ্যা নয়, দক্ষতার দিকে তাকাতে হবে। আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করছে।
তিনি বলেন, আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কতজন পাস করলো তা এখন কোন গুরুত্বপূর্ণ নয়, সে এখন কি করলো- সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা মোবাইলে ফেসবুক কম ব্যবহার করবে। কারণ এটা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। ফেসবুক ছাড়া অনেক ভালো ও দক্ষ কারিগর হয়ে গড়ে উঠার মাধ্যম রয়েছে। সেগুলোকে তোমাদের অনুসরণ করতে হবে। যেন তোমরা দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারো। শুধু ভালো রেজাল্ট পেলেই এগিয়ে যাওয়া, তা নয়। ভালো রেজাল্টের পাশাপাশি দক্ষ হয়ে এগিয়ে যেতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রেশমা খাতুনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল খায়ের খান, মমিনউল্ল্যাহ পাটওয়ারী একাডেমির অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বিভিন্ন ক্যাটাগরীতে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
১৩ ডিসেম্বর, ২০২২।
