স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার রাস্তা প্রশস্তকরণের লক্ষে সড়কের ওপর উঠানো ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের মিশন রোডের পূর্ব মাথা শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটি ৪টি সড়ক সংযুক্ত হয়েছে। বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম রোড, ফরিদগঞ্জ উপজেলা থেকে প্রবেশের জন্য বঙ্গবন্ধু সড়ক, শহর থেকে বের হওয়ার জন্য মিশন ও নিউ ট্রাক রোড একই স্থানে মিলিত হয়েছে। কিন্তু ৪ সড়কের মোড়ে রেলক্রসিং থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান পৌরসভার সড়কের ওপরে এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন অবৈধভাবে দখল করে রাখে। যার ফলে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এবং বিকেলে এই এলাকায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে।
চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান জানান, শহরের আবাসিক এলাকা বেড়েছে। একই সাথে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন। যে কারণে শহরের সড়কগুলো প্রশস্তকরণের উপর গুরুত্ব দিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান। পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে পৌরসভার সড়কে অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদের একদিন আগে নোটিশ করা হয়েছে। আজ আমরা অবৈধভাবে দখলে থাকা ব্যবসায়ীদের স্থাপনা উচ্ছেদ করেছি। কারণ অবৈধভাবে সড়কের পাশ দখলে থাকায় সাধারণ মানুষ হাটার সুযোগও থাকে না। পর্যায়ক্রমে জনস্বার্থে ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে পৌরসভার সহকারী প্রকৌশলী এমএ হাসান ও দিলিপসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৩ ডিসেম্বর, ২০২২।
