ডিসি ও এসপিকে ইলেক্ট্রনিক্স সুরক্ষা যন্ত্র দিলেন আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদকে করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে ইলেক্ট্রনিক্স ডিভাইস সুরক্ষা যন্ত্র উপহার দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে অঞ্জনা খান মজলিশের হাতে ইলেক্ট্রনিক্স সুরক্ষা ডিভাইস (যন্ত্রটি) উপহার হিসেবে তুলে দেন আবু নঈম পাটওয়ারী দুলাল।
এর আগে এ সুরক্ষা যন্ত্রটি পুলিশ সুপার মিলন মাহমুদকেও উপহার হিসেবে দেয়া হয়েছে। এই ইলেক্ট্রনিক্স ডিভাইসের নাম ওয়ার্নিংস অর্থাৎ সতর্কতা।
এই ডিভাইসটি অফিস কিংবা বাসাবাড়িতে এমনকি গাড়ির ভিতরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যবহার করা যায়।
সুরক্ষা ডিভাইসটি সম্পর্কে জানতে চাইলে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এটি এমন একটি যন্ত্র যার প্রতিক্রিয়া ছাড়াই অফিস বা বাসাবাড়ি কিংবা গাড়ির ভেতরে জীবাণুকে ধ্বংস করতে সক্ষম। ডিভাইসটিতে ছোট একটি বোতলের মধ্যে জীবাণুনাশক মেডিসিন দেওয়া হয় এবং ডিভাইসটি বিদ্যুতের মাধ্যমে ওই জীবাণুনাশক মেডিসিন ডিভাইস থেকে ধূয়ার মাধ্যমে বাতাসের সাথে মিশ্রিত হয়ে জীবাণুকে ধ্বংস করে। এতে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা শ্বাস নিতে সমস্যা হবে না। কোন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া থাকলে তা ডিভাইসটির কল্যাণে মানুষের শরীরে আক্রমণ করতে পারবে না।
তিনি আরো বলেন, এই ডিভাইসটি আমি নিজেও ব্যবহার করে সফলতা পেয়েছি এবং আমার বাসায় প্রতিনিয়তই জীবাণু ধ্বংসের জন্য ডিভাইসটি চালু রাখা হয়েছে। করোনা থেকে সুরক্ষা পেতে বিভিন্ন অফিস বাসাবাড়ি কিংবা গাড়িতেও বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে।
১৬ জুলাই, ২০২১।