স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ মার্চ) শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শাহজাদী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোক বার্তায় এ কথা জানানো হয়।
শাহজাদী বেগম গত শনিবার (২০ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন রোববার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
২২ মার্চ, ২০২১।
