ঢাকায় অগ্নিকান্ডে ফরিদগঞ্জের আমির হোসেনের মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ঢাকা মহাখালী এলাকার রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় সোমবার (১১ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জের আমির হোসেন সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আমির হোসেন সুমন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের মো. সেলিম শেখের ছেলে। তিনি ২ সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করে মৃত আমির হোসেন সুমনের ভাই মো. জামাল হোসেন বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবত রয়েল ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকরি করতো। গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে আমার ভাই আহত হয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করে আমির হোসেন সুমন।
ঢাকায় সব প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আমির হোসেন সুমনের মামাতো ভাই খোরশেদ আলম।
এদিকে আমার হোসেন সুমনের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১২ ডিসেম্বর, ২০২৩।