মোহাম্মদ হাবীব উল্যাহ্
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) ঢাকা মহানগর দক্ষিণের কর্মীসভা ও কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মিয়াজী সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবস্থ মেট্রো লাউঞ্জ হোটেলে এ কর্মীসভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ জিসপের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের পাটোয়ারী।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে দেশে আগমন উপলক্ষে জিসপের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বরকত উল্লাহ বুলুসহ অতিথিরা।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মো. কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠন এবং জিসপের কেন্দ্রিয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মিয়াজী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ (আলীগঞ্জ) এলাকার বাসিন্দা। তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা।
তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একজন সফল ব্যবসায়ী। তিনি ব্যবসার পাশাপাশি বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি একজন সমাজসেবক। সম্প্রতি তিনি দেশে এসেছেন। দেশে আসা উপলক্ষে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ তাঁকে সংবর্ধনা প্রদান করে।
২২ সেপ্টেম্বর, ২০২৪।
