তরপুরচন্ডীতে পারিবারিক কবরস্থানে লায়ন কাজী মাহবুবের দাফন

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কাজী মাহবুবুল হক সোমবার রাত ৮টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে যান।

গত মঙ্গলবার ৩ দফা জানাজা শেষে তরপুরচন্ডী ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে পিতার কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়েছে। বেলা ১১টায় চাঁদপুর ঈদগাহ ময়দানে প্রথম জানাযায় ইমামতি করেন উজানি দরবার শরিফের পীর মাও. মাহবুব এলাহি। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাযায় ইমামতি করেন বড় স্টেশন জামে মসজিদের খতির মাও. মুফতি সিরাজুল ইসলাম।

জানাযার আগে মরহুম কাজী মাহবুবুল হকের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সাবেক সভাপতি লায়ন সাকি কাউসার ও মরহুমের ছোট ভাই কাজী হুমায়ুন কবির।

পরে বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসা মাঠে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়। পরে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, লায়ন কাজী মাহবুবুল হক চাঁদপুরে অসুস্থ হলে ডাক্তারী পরীক্ষায় তার করোনা ধরা পরেনি। ঢাকায় পরীক্ষা করা হলে করোনা পজেটিভ আসে। ১১ সেপ্টেম্বর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালে ভর্তি করে প্রথম ধাপে তাকে ৩ দিন লাইফ সাপোর্টে রাখা হয়। একটু সুস্থ হলে সেখান থেকে বের করে আনা হয়। আবারো আইসিওতে রাখা হয়। মৃত্যুর ৩ দিন আগে কাজী মাহবুবুল হক আবারো বেশি অসুস্থ হয়ে পরলে দ্বিতীয় ধাপে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। ৩ দিন লাইফ সাপোর্টে রাখার পর সোমবার রাত ৮টায় স্কয়ার হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাজী মাহবুবুল হকের মরহুম কাজী তাফাজ্জল হোসেনের বড় ছেলে। ৪ ভাই ১ বোনের মধ্যে কাজী মাহবুবুল হক সবার বড় ছিলেন।

কাজী মাহবুবুল হক চাঁদপুর প্রেসক্লাবের অজীবন সদস্য, উত্তর তরপুরচন্ডী কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সাবেক সভাপতি, চাঁদপুর শিল্পকলা একাডেমীর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, অনন্যা নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতিসহ চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এদিকে আমাদের সদর উপজেলা প্রতিনিধি নূরে আলম খান জানান, লায়ন কাজী মাহবুবুল হকের তৃতীয় জানাযা বাদ জোহর উত্তর তরপুরচন্ডী ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মাও. প্রিন্সিপাল আবুল কাশেম। জানাজা আগে বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন মিন্টু ও মরহুমের ছোট ভাই কাজী হুমায়ূন।

জানাজায় অংশগ্রহণ করেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সাধারণ সম্পাদক লতিফ বিশ্বাস, সদর আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, কাজী রতন প্রিন্স, অ্যাড. এটিএম মোস্তফা কামাল, অ্যাড. হান্নান কাজী, পৌরসভার নির্বাচনে ১৫নং কাউন্সিলর প্রার্থী অ্যাড. কবির চৌধুরী, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বকুল, মো. হালিম খান, মান্নান খান কাজল, আলমগীর আলম জুয়েল, আরিফুর রহমান গাজী, কাজী রফিকুল ইসলাম পলাশ, কাজী রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১ অক্টোবর, ২০২০।