
আমরা ভ্রাতৃত্ব ধরে রেখে এক হয়ে কাজ করবো
————– আলহাজ ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গামবাহী পবিত্র মাহে রমজানে চাঁদপুর জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চাঁদপুর শহরের পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদে তাবলিগ জামাত (সাথী) নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতারের আগে সংক্ষিপ্ত বয়ান রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আমাদের কাজে লাগিয়ে বছরের অন্যান্য দিন অতিবাহিত করতে হবে। এই আত্মশুদ্ধির মাসে আমরা একে অন্যের জন্যে কাজ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে আদর্শ শিখেছেন, সে মোতাবেক দেশের জন্যে কাজ করতে হবে। আজকে বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক মডেল হিসেবে রূপান্তরিত করছেন। আমরা এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে চাই। রমজান মাসে সকলের জন্যে আমাদের দোয়া করতে হবে। আমরা সবাই ভ্রাতৃত্ব ধরে রেখে এক হয়ে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তাবলিগ জামাতের আমির ও সুরা আলহাজ আব্দুল আউয়াল বেপারী, জেলা শাখার সুরা আব্দুর রশিদ তালুকদার, হাজি আরিফ উল্লাহ, হাজি আব্দুল লতিফ, হাজি হেদায়েত উল্লাহ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুর রশিদ তালুকদার।
