
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দাসদীতে প্রতিবন্ধীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। চাঁদপুর মডেল থানায় প্রতিবন্ধী শফিক খান বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, দাসদীর মৃত আ. গফুর খানের ছেলে মতিন খান, লতিফ খান, ইউনুছ খান, মুসলিম খান, হরমন খান তাদের সৎ ভাই প্রতিবন্ধী দিনভিখারী শফিক খানকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। কয়েক দিন আগে প্রতিবন্ধী শফিক খান পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে তার সৎ ভাইরা বাঁধা দিয়ে ঘর উত্তোলন থেকে বিরত রাখে। এ নিয়ে এলাকায় কয়েকবার স্থানীয়রা দেন-দরবার করেও কোন প্রকার সুরাহা না হওয়ায় প্রতিবন্ধী শফিক খান পৈত্রিক সম্পত্তিতে বসতঘর উত্তোলন করার জন্য বিচার চেয়ে পুলিশ সুপারসহ চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, শফিক খান তার পৈত্রিক সম্পত্তিতে বসত ঘর উত্তোলন করতে না পারায় তার ৩ ছেলে, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ নিয়ে তার দুর্ভোগের কমতি নেই বললেই চলে। বিভিন্ন স্থান থেকে ভিক্ষা করে শফিক খান পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে তার সৎ ভাইরা বাঁধা দেয়ার কারণে আর্থিকভাবে তিনি ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে প্রতিবন্ধী শফিক খানকে একটি গাভী দেয়। সেই গাভীটির জন্য নির্ধারিত ঘর উত্তোলন করতে না পারায় দুর্ভোগ তার লেগেই রয়েছে।
প্রতিবন্ধী শফিক খান বলেন, আমার বাবা দুই বিয়ে করেছেন। আমার সৎ ভাইরা দীর্ঘদিন আমাকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে যাচ্ছে। হিস্যা অনুযায়ী আমরা প্রায় ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তির মালিক রয়েছে। কিন্তু আমার মা, আমাদের দুই ভাই বোনের পুরো সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। প্রতিবন্ধী শফিক খান যাতে পৈত্রিক সম্পত্তি ফিরে পায় সেজন্য তিনি পুলিশ সুপারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
