ইল্শেপাড় রিপোর্ট
পেঁয়াজের ঝাঁজ কমতে না কমতে এবার লবণের দাম বাড়ার গুজব সারাদেশের মতো চাঁদপুরেও। গতকাল মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর জেলার সর্বত্র গুজব ছড়িয়ে পড়লে হু-হু করে বাড়তে থাকে লবণের দাম। জেলার বিভিন্ন হাটে-বাজারে দিনভর চাউর ছিলো লবণের দাম বৃদ্ধির খবর। তবে দিন বাড়ার সাথে-সাথে ৩০ থেকে ১শ’ টাকা, কোথাও-কোথাও ১শ’ ২০ টাকায়ও প্রতিকেজি লবণ বিক্রির খবর পাওয়া গেছে।
এ নিয়ে দিনভর বিভিন্ন স্থানে, হাটে-বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে চলে কমবেশি বাকবিতন্ডা। তবে চাঁদপুর শহরে সন্ধ্যার পর জনতা লবণ মিলের পক্ষ থেকে শহরবাসীকে ২০ টাকা কেজি দরে লবণ দেবার কথা বলে মাইকিং করা হয়েছে। বিভিন্ন উপজেলায় লবণ নিয়ে যাতে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করেছেন। জেলা প্রশাসনও ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সভা করেছেন। এ ব্যাপারে কোন অসাধু চক্র যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য তাঁরা হুঁশিয়ারী জানিয়েছেন।
এদিকে লবণের দাম বৃদ্ধির খবরে সাধারণ মানুষও প্রতিযোগিতা দিয়ে দোকানমুখী হয় লবণ ক্রয়ের জন্য। এমন সুযোগে অধিকাংশ খুচরা ব্যবসায়ীরা তাদের স্টকে থাকা লবণ সরিয়ে ফেলে। ফলে দিনশেষে অনেক স্থানেই লবণ পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষরা বলছে, ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্যই মূলত কৃত্রিম সঙ্কট তৈরি করছে। লবণ যেহেতু দেশে উৎপাদন হয়, তাই এর সঙ্কট দীর্ঘস্থায়ী হবে না বলেও কেউ কেউ জানান।
চাঁদপুরের লবণ উৎপাদনকারী মিল মালিকরা বলছে, বস্তা প্রতি বাজারে ১শ’ টাকা বাড়ানো হয়েছে। তাদের দাবি সরকার সড়ক-পরিবহন আইন করার পর থেকে ভাড়ি যানবাহনের ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকরা ট্রাক-লরি না চালানের কারণে এখন মাল পরিবহনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। ফলে কেবল লবণ কিংবা পেঁয়াজ নয়, সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়বে এই সড়ক-পরিবহন আইনের কারণে। এমন আশঙ্কার কথা বলছেন চাঁদপুরের ব্যবসায়ীরা।
অপরদিকে বস্তা প্রতি ১শ’ টাকার বিপরীতে কেজি প্রতি কেন ১শ’ টাকা বিক্রয় করা হচ্ছে তা জানতে চাঁদপুরের খুচরা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, সকাল থেকেই লবণের চাহিদা বেড়ে গেছে। কিন্তু পাইকারী বাজারে লবণ পাওয়া যাচ্ছে না। যার কারণেই লবণের দাম বৃদ্ধির বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরছে। তবে চাঁদপুর শহরের পালবাজারসহ বিভিন্ন বাজারে লবণের দাম বেড়েছে- এমন কিছু শোনা যায়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পালবাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা স্বাভাবিক দামেই লবণ বিক্রি করছেন। তারা জানিয়েছেন, দিনভরই ক্রেতারা লবণের দাম বাড়ছে কি-না জানতে চেয়েছেন। তবে গতকাল লবণ বিক্রি হয়েছে কয়েকগুণ।
এমন পরিস্থিতিতে চাঁদপুরের জেলা প্রশাসন ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে জরুরি বৈঠক করেছেন। সেখানে হুঁশিয়ারি করা হয়েছে, কোন প্রকার কৃত্রিম সঙ্কট তৈরি করা যাবে না। ন্যায্যমূল্যর ভিত্তিতে লবণ বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
এদিকে ‘লবণ’ গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার তথ্য অধিদফতরের এক প্রেস নোটে এমন তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণার কারণে বিভিন্ন স্থানে লবণের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এই প্রেক্ষাপটে প্রেস নোট জারি করা হয় সরকারের পক্ষ থেকে।
এতে বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোতে লিপ্ত রয়েছে। সম্প্রতি দেশে লবণের প্রাপ্যতা নিয়েও গুজব ছড়ানোর একটি অপচেষ্টা চলছে। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডিসেম্বর মাসেই দেশে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে। বর্তমান মজুতের সঙ্গে যোগ হবে নতুন উৎপাদিত লবণ। ফলে দেশে লবণের কোনা সংকট নেই বা এমন কোন সম্ভাবনাও নেই।
এদিকে রাজধানীতে লবণ ইস্যুতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দিয়েছে ডিএমপি। লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই পুলিশ সদস্যদের দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের এই নির্দেশ দেন।
এছাড়া শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে বেশি মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- দিনভর জেলাব্যাপী গুজব : এবার লবণ!
