দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে অতিষ্ট মতলব উত্তরবাসী

মনিরুল ইসলাম মনির
দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ মতলব উত্তরবাসী। জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে ভ্যাকসিন দেওয়া হলেও কুকুরের কামড়ে আহত হওয়ার শঙ্কায় উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। বেশি আতঙ্ক ছোট শিশুদের নিয়ে।
এ তো গেল দিনের চিত্র, রাতের চিত্র ভিন্ন। মতলব উত্তরে মানুষ ছোট শিশুদের ঘুম পাড়াতে রাক্ষস-খোক্কস, দৈত্য-দানবের গল্প না বলে শেয়ালের গল্প বলে। শুধু গল্প নয়, শঙ্কাও আছে। এখানে সন্ধ্যা নামলেই শিয়ালের উপদ্রব বেড়ে যায়। দল বেঁধে শিয়াল বাড়ি-ঘরের আনাচে-কানাচে ঘোরাফেরা শুরু করে। এতে হাঁস, মুরগি, গরু, ছাগল এমনকি ছোট শিশুদের নিয়েও ভয়ে আছে বাসিন্দারা। সন্ধ্যার আগেই গবাদিপশু ও ছোট শিশুদের নিয়ে ঘরে চলে আসতে হয়।
শিয়াল-কুকুরের উপদ্রব নিয়ে তাজুল ইসলাম বলেন, কী আর কইয়াম ভাই, দিনের বেলা কুত্তা আর রাইতে হিয়ালের তাÐবে আমরা আছি বড়ই যন্ত্রণায়। এসবের কারণে পশু-পাখিসহ বাচ্চাদের নিয়ে সারা দিন দুশ্চিন্তায় থাকতে হয়।
শিউলী বেগম নামের এক গৃহবধূ বলেন, ছোট বাচ্চাটাকে নিয়ে ভয়ে থাকি। যে পরিমাণ শেয়াল-কুকুর বেড়েছে এলাকায়, না জানি কখন কাকে কামড়ে দেয়! সন্ধ্যার পর শেয়াল বেড়ে যায়। মতলব উত্তর উপজেলার পৌর শহরে কুকুর বেশি থাকলেও শেয়াল তেমন একটা নেই।

৩১ অক্টোবর, ২০২৩।