দেশীয় অস্ত্র, ইয়াবা-গাঁজাসহ আটক ১৪ জনকে ছেড়ে দেয়ায় জনমনে প্রতিক্রিয়া

চাঁদপুর কোস্টগার্ড কর্তৃক আটক



স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কোস্টগার্ড স্টেশন কর্তৃক মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ডাকাত সন্দেহে আটক ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা দায়ের না করে ও কোন প্রকার ব্যবস্থাগ্রহণ না করে অদৃশ্য শক্তির কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন থেকে এ তথ্য জানা গেছে। এ ঘটনা নিয়ে জনমনে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করে বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলে পাঠানোর নিয়ম থাকলেও কোস্টগার্ড চাঁদপুর তা’ না করে ছেড়ে দিয়েছে। গতকাল বিকেলের পর বেশ ক’বার চাঁদপুর কোস্টগার্ডের মোবাইল নম্বরগুলোতে (০১৭৬৬-৬৯০৯০০ ও ০১৭৬৬-৬৯০৯০১) যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
প্রশ্ন উঠেছে, কোস্টগার্ড কর্তৃপক্ষ গত মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন আটক ১৪ জনের কাছে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা পাওয়া গিয়েছে। পরে অদৃশ্য কারণে আটক ১৪ জনকে সাধারণ শ্রমিক বলে ছেড়ে দেয়। জনমনে আরো প্রশ্ন উঠেছে, কোস্টগার্ড কর্তৃপক্ষ নদীতে ডাকাত ও জলদস্যুকে আটকের ক্ষমতা রাখলেও তাদের ছেড়ে দেয়ার ক্ষমতা রয়েছে কি-না?
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এএসএম লুৎফর রহমান গত মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিক আটক করেছে তারা। এসময় দু’টি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়। রাতে অভিযানের সময় নদীতে ট্রলার দেখলে থামানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখানে থেকে তাদের আটক করা হয়। এসময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ও টহল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বে থাকা লে. মো. হায়াত জানান, ডাকাত সন্দেহে আটক ১৪ জনের ব্যাপারে তদন্তসাপেক্ষে জানা গেছে এরা সাধারণ শ্রমিক। আমরা যাওয়ার আগে ডাকাতরা পালিয়ে যায়। যে অস্ত্র উদ্বার করা হয়েছে, সে অস্ত্র ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র। এসব জানার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।