দ্বাদশগ্রাম ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যানসহ ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৪ জন সাধারণ সদস্য প্রার্থীসহ ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সংগ্রহকৃত ৫৫ জন প্রার্থীর ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ জন চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের একজন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. খোরশেদ আলম বকাউল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কে.এম রাসেল, আবু তাহের, মো. মিজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, মো. আনোয়ারুল ইসলাম ও আকতার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি দলীয় মনোনয়ন না পাওয়ায় মনোনয়নপত্র দাখিল করেননি।
অপরদিকে তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থীর মধ্যে সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে ৫ জন, সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে ৪ জন ও সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) ওয়ার্ড থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৩৫ জন প্রার্থীর ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১নং ওয়ার্ড থেকে ৩ জন, ২নং ওয়ার্ড থেকে ৩ জন, ৩নং ওয়ার্ড থেকে ৫ জন, ৪নং ওয়ার্ড থেকে ৪ জন, ৫নং ওয়ার্ড থেকে ৩ জন, ৬নং ওয়ার্ড থেকে ৪ জন, ৭নং ওয়ার্ড থেকে ৪ জন, ৮নং ওয়ার্ড থেকে ৩ জন ও ৯নং ওয়ার্ড থেকে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৭নং ওয়ার্ড থেকে সংগ্রহকৃত ১ জন মনোনয়নপত্র দাখিল করেননি।
আগামি ১৬ মার্চ দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৮ সালের ১৫ মে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩,৮৩০ ভোট পেয়ে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. খোরশেদ আলম বকাউল। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি পেয়েছিলেন ১,৭৩৬ ভোট। যদিও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনে নিজ প্রার্থিতা প্রত্যাহার করে নেন বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বাবুল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি আনারস প্রতীকে পেয়েছিলেন ১,৫৫৫ ভোট ও ফারুক তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছিলেন ৩৮১ ভোট।

২০ ফেব্রুয়ারি, ২০২৩।