শওকত আলী
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) সামস্ আরেফিন তুষারের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম কোরিয়া থেকে আমদানীকৃত ৯০ টন ওজনের শক্তিশালী একটি নতুন ইঞ্জিনের ট্রায়াল সম্পন্ন করেছে। গত মঙ্গলবার এ প্রতিনিধি টিমটি সকালে চট্টগ্রাম থেকে নতুন ৯০টন ওজনের ইঞ্জিনসহ ৪টি নতুন ট্রেনের বগিসহ চাঁদপুরের উদ্দেশে যাত্রা করে চাঁদপুর এসে দুপুর দেড়টায় পৌঁছান। এ ট্রেনটি পুনরায় সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে।
চাঁদপুরে এসে এ প্রতিনিধি টিম চাঁদপুরের মিটারগেজের এই রেলপথে নতুন ইঞ্জিনটি চলাচলের উপযুক্ত কিনা তা খতিয়ে দেখতে দুপুর থেকে বিকেল পর্যন্ত রেলপথ ও নতুন ৯০টন ওজনের ইঞ্জিনসহ ট্রেনটি তা’ নিয়ে ব্যাপক পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন।
পরে তারা পর্যবেক্ষণ ও পর্যালোচনা শেষে চাঁদপুর অফিসার্স রেস্টহাউজে এক মতবিনিময় শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ সময় চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) সামস্ আরেফিন তুষারসহ অন্য কর্মকর্তারা সাংবাদিকদের জানান, আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী আমরা চাঁদপুর থেকে চট্টগ্রাম গিয়ে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করার পর অচিরেই এ পথে নতুন ৯০টন ওজনের ইঞ্জিনসহ ১৬টি নতুন বগিসহ দ্রুতগতির নতুন সাদা ও সবুজ রংয়ের ট্রেন এ পথে চলাচল শুরু করবে। এছাড়া চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে বর্তমানে একটি মেঘনা এক্সপ্রেস ট্রেন চলাচল করলেও অচিরেই মেঘনা এক্সপ্রেস-২ নামে আরেকটি ট্রেন অনুমতিক্রমে চালু করা হবে।
প্রতিনিধি টিমে ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শামস আরফিন তুষার, বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবু হানিফ, কোরিয়া থেকে আগত প্রকৌশলী, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনসার আলী, চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় যাত্রিক প্রকৌশলী মো. ওহিদুর রহমান, বিভাগীয় সিগন্যাল এন্ড টেলিকম প্রকৌশলী তন্ময় পাটওয়ারী, আরএনবি কমান্ডেন্ট মো. শফিকুর রহমান, উপ-সহাকারী প্রকৌশলী-কুমিল্লা মুরছালিন রহমান, উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. লিয়াকত আলী মজুমদার, এসএসএই (সিগনাল লাকসাম) মহসিন মল্লিক প্রমুখ।
স্থানীয়দের মধ্যে ছিলেন স্টেশন মাস্টার শোহেবুল শিকদার, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুর রহমান ও শ্রমিক লীগ নেতা ইউনুছ পাটওয়ারী জুয়েল।
রেলওয়ে বিভাগ থেকে খোঁজ-খবর নিয়ে জানা যায়, সারাদেশে মিটার গেজে চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে ৪০টি ইঞ্জিন আনা হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ১টি ইঞ্জিন ট্রায়ালে এসেছে। অন্য ইঞ্জিনের চেয়ে এটি লম্বা ও উচ্চতায় বড় এবং ওজন ৯০টন।
২৭ জানুয়ারি, ২০২২।
