হাজীগঞ্জে রনি ব্রিকসের ২ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আইন অমান্য করে পৌর এলাকায় ইট প্রস্তুত ও উৎপাদন করায় পৌরসভাধীন মেসার্স রনি ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং-২ কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত) অনুযায়ী গত মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত) অনুসারে আবাসিক, সংরক্ষিত ও বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর ও কৃষি জমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু এ আইন করে হাজীগঞ্জ পৌরসভা এলাকায় মেসার্স রনি ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং-২ এ ইট প্রস্তুত ও উৎপাদন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারাবলে অপরাধ পরিলক্ষিত হওয়ায় মেসার্স রনি ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারিং-২ কে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সংবাদকর্মীদের জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো মো. লোকমান হোসেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে আবাসিক, পৌর এলাকাসহ ছয় ধরনের এলাকার ভেতরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই ধারার ৩ নম্বর উপধারায় ভাটা স্থাপনে নিষিদ্ধ এলাকার সীমারেখার এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।
পরের বছর মানবিক কারণ দেখিয়ে ৭৮ জন মালিক ভাটা না ভাঙার জন্য হাইকোর্টে রিট করেন। রিটে উল্লেখ করা হয়েছে, ভাটায় অনেক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। ভাটা স্থাপনে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়েছে। বন্ধ হলে ব্যাংক ঋণ পরিশোধ ব্যাহত ও পরিবার-পরিজন নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে।
এরপর হাইকোর্টে প্রথমে তারা তিন মাসের স্থিতাবস্থা চান। ৩ মাস অতিবাহিত হলে আবারও সময় প্রার্থনা করা হয়। এভাবে সময় নিয়ে ভাটা মালিকরা ৫ বছর নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করেন। পরবর্তীতে হাইকোর্টে রিট খারিজ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এ আবাসিক, পৌর এলাকাসহ ছয় ধরনের এলাকার ভেতরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়।

২৭ জানুয়ারি, ২০২২।