দেড় লাখ টাকার ক্ষয় ক্ষতি
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের নাওভাঙ্গাচরে তুচ্ছ ঘটনার জের ধরে দোকান ও বসত ঘরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। আহতরা হলো- উপজেলার বাখরপুর (নাওভাঙ্গারচর) তুহিন পাটোয়ারী ও তার ভাগিনা রুমান । গত ২৬ ডিসেম্বর বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের আশ্রয় কেন্দ্র সংলগ্ন রুমানের মুদির দোকানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তুহিন পাটোয়ারী বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরকারপাড়া গ্রামের রাজ্জাক পাটোয়ারীর ছেলে তুহিন পাটোয়ারীর সরিষা ক্ষেতের উপর দিয়ে বাখরপুর চর গ্রামের মৃত আজিজউল্লাহ পাটোয়ারীর ছেলে মিন্টু পাটোয়ারী ট্রাক্টর আনা-নেয়া করায় সরিষাগাছের ক্ষতি হয়। এতে ক্ষেত মালিক তুহিন পাটোয়ারী ও তার ভাগিনা রুমান বাঁধা দেয়। এক পর্যায় উপজেলার বাখরপুর চর (নাওভাঙ্গারচর) গ্রামের গোলাম হোসেন মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪৩), জাহাঙ্গীরের ¯্রী রিপন বেগম (৩৫), বালুচর গ্রামের মোতা বেপারীর ছেলে করিম বেপারী (৫৫) সহ আরো কয়েকজনের সাথে সংঘর্ষ হয়।
তুহিন জানান, তুচ্ছ ঘটনার জের ধরে তারা আমার ও আমার ভাগিনা দক্ষিণ রামদাসপুর গ্রামের মৃত আবু সাইদ পাটোয়ারীর ছেলে রুমান (৩৫) কে লাঠি ও দা দিয়ে আঘাত করে। এতে আমার ও আমার ভাগিনার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় আমার ভাঘিনার পকেটে থাকা নগদ ২৫ হাজার টাকা, ক্যাশ থেকে ৪৬ হাজার ১শ’ টাকা হাতিয়ে নিয়ে যায় এবং দোকান ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে। সর্বমোট প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, ঘটনাটির ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
