মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দগরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার উপজেলা পরিষদের কাজ শেষ করে মোটর সাইকেল চালিয়ে পয়ালী নিজ বাড়িতে যাওয়ার পথে দগরপুর এলাকায় সুমাইয়া (৫) নামক শিশুটি রাস্তা পারাপার হওয়ার সময় তাকে রক্ষা করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে শিশু সুমাইয়া আহত হলেও গুরুতর আহত হন ইউপি চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার। সাথে সাথে তাদের স্থানীয়রা উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশু সুমাইয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাড়িতে নিয়ে যায় তার পরিবার।
এদিকে ইউপি চেয়ারম্যানের অবস্থা বেগতিক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাহ্ফুজ মল্লিক
২৬ জুন ২০১৯
