নারায়ণপুর ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ

শিক্ষার্থীরা নৈতিক মূল্যবোধের অধিকারী হলে দেশ দুর্নীতিমুক্ত হবে
………..ইউএনও মো. শাহিদুল ইসলাম

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে দেশপ্রেমিক নাগরিক হতে হবে। ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ নৈতিক মূল্যবোধের অধিকারী হতে হবে। তাহলেই দেশ দুর্নীতিমুক্ত হবে। আর এজন্য ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় এবং উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী গ্রন্থাগারিক মুহাম্মদ আরিফ বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পদক ও নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তার আহমাদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান। এর আগে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের প্রস্তাবিত বিষয় ছিল ‘দুর্নীতি প্রতিরোধে আইন নয়, নৈতিকতাই মুখ্য’। বিতর্কে আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে দ্বাদশ শ্রেণি এবং ইসরাত জাহানের নেতৃত্বে একাদশ শ্রেণি অংশগ্রহণ করে। এতে ১ নম্বরের ব্যবধানে একাদশ শ্রেণি জয় লাভ করে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক রণজিৎ বসু, নাছরিন জাহান, ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, আলী আজগর, হুমায়ুন কবিরসহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসরাত জাহান এবং গীতা পাঠ করেন ধর পাল।

২৪ জুলাই, ২০১৯।